অন লাইন ডেক্স :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বিষয়টি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।জানা যায়, জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে ভোটকেন্দ্রটিতে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে তদারকির লক্ষ্যে ক্যামেরাগুলো বসানো হলেও স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভেঙে ফেলে। ঘটনার পর বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রকাশ না পেলেও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই এলাকার সব ভোটকেন্দ্রে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।ভাঙচুর হওয়া ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, এক ব্যক্তি সরাসরি লাঠি দিয়ে ক্যামেরাটিতে আঘাত করে সেটি নষ্ট করেন। তবে পর্যাপ্ত আলোর অভাবে ওই ব্যক্তির মুখমণ্ডল স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ভোটকেন্দ্রটির সামনে একটি বড় খেলার মাঠ এবং পাশে একটি নিরিবিলি সড়ক রয়েছে। নির্বাচনকালীন সময়ে এসব স্থান ঝুঁকিপূর্ণ বিবেচনায় মাঠ ও সড়কের ওপর নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতের মধ্যেই দুর্বৃত্তরা দুটি ক্যামেরার একটি ভাঙচুর করে। সকালে বিদ্যালয়ের নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান।তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে শনাক্ত করা হয়েছে, যারা এই ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *