পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে জনপ্রিয় ও সহজতর করার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় বিশেষ উদ্যোগ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি (NRBC Bank PLC)। এরই অংশ হিসেবে ব্যাংকটির উদ্যোগে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বিতরণ ও সচেতনতামূলক এক প্রচারণা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পূর্বধলা বাজারের হাবিব মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এনআরবিসি ব্যাংক কার্যালয়ের নিচে, রাস্তার পাশে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইন পরিচালনাকালে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক পূর্বধলা শাখার ব্যবস্থাপক মাশুক আহমেদ এবং দ্বিতীয় কর্মকর্তা নজরুল ইসলাম। এছাড়া ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে লিমন, ফারুক, রাজন ও বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের আওতায় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর স্ট্যান্ড বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তারা নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেনের নানাবিধ সুবিধা সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বিস্তারিত অবহিত করেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি বহুগুণে কমে যায়। পাশাপাশি লেনদেন হয় দ্রুত ও নিরাপদ, যা ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক তৈরি করে। গ্রাহকরাও যেকোনো মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপের সাহায্যে কিউআর কোড স্ক্যান করে মুহূর্তের মধ্যেই কেনাকাটার বিল পরিশোধ করতে পারছেন।
প্রচারণা কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি আধুনিক অর্থনীতি ও ক্যাশলেস সমাজ গঠনে ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।
ব্যাংকের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন কেনাবেচায় লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে।
