বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে বারহাট্টা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (বারহাট্টা ও নেত্রকোনা সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা এবং বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ, বিভিন্ন ধরনের শাকসবজির বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, বিগত সরকারের আমলে কৃষি প্রণোদনার বীজ বিতরণেও নানা ধরনের অনিয়ম দেখা গেছে। এবার প্রকৃত কৃষকদের হাতেই সরকারি প্রণোদনা পৌঁছে দেওয়া হয়েছে। কৃষকদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে বিএনপি সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিলকি, জেলা বিএনপির নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
