হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (এমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি পরিকল্পিত নগরায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর গণপূর্ত ভবনে অবস্থিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মোতাহার হোসেন তালুকদার বলেন, “ময়মনসিংহের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নগর গঠনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করবে। এ দায়িত্ব প্রদানের জন্য আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পিত নগর উন্নয়নের যে রূপরেখা রয়েছে, সেটিকে বাস্তবে রূপ দিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে ময়মনসিংহকে একটি সুশৃঙ্খল, পরিকল্পিত ও আবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। প্রশাসন ও সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় এবং কার্যকর উদ্যোগ অপরিহার্য। পরে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মোতাহার হোসেন তালুকদার বলেন, “ময়মনসিংহকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরীতে রূপ দিতে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এ লক্ষ্যে সকলের সহযোগিতা ও অংশগ্রহণই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
