কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেছেন, নেত্রকোনার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের মাধ্যমে জেলার সম্ভাবনা ও অর্জন দেশব্যাপী তুলে ধরার আহ্বান জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়ার নিজ বাসভবনে জেলা ও উপজেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদপত্র জাতির দর্পণ আর সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক ও নির্ভুল তথ্যভিত্তিক সাংবাদিকতাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। ভুল বা বিভ্রান্তিকর তথ্য যেন কারও ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে,তবে তা হবে সবার আগে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে। উন্নয়ন, সম্ভাবনা ও জনকল্যাণমূলক কার্যক্রম বেশি করে প্রচারের মাধ্যমে নেত্রকোনাকে ইতিবাচকভাবে ব্র্যান্ডিং করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি হেলিম, ইন্ডিপেন্ডেন্ট টিভি-র জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূইয়া, মানবজমিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান, মোহনা টিভি-র জেলা প্রতিনিধি মলয় কুমার, বাংলা টিভি-র জেলা প্রতিনিধি ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
