নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা (নেত্রকোণা): নেত্রকোণার পূর্বধলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ বাস্তবায়নে ২ দিন ব্যাপী “উপজেলা পর্যায়ে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে।

আজ ১৯ জুন সকালে পূর্বধলা উপজেলা পরিষদ হলরুমে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ২০ জুন পর্যন্ত দুই দিনব্যাপী এই প্রদর্শনী ও সেমিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুখময় সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনীম জাহান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর-এর আইইআরডি-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার জনাব সুমন চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবু বকর সিদ্দিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দপ্তরের সহকারী সচিব জনাব মোঃ মোজাম্মেল হক।

এছাড়াও  বক্তব্য রাখেন মৌদাম মডেল সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহম্মদ খান রতন  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুখময় সরকার বলেন, “স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির সঠিক ব্যবহার ও সম্প্রসারণ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত সময়োপযোগী।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুল ইসলাম মেলা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় উদ্ভাবকেরা তাদের উদ্ভাবিত নানা প্রযুক্তি প্রদর্শন করছেন। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টের খোঁজখবর নেন ও ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করেন। প্রদর্শনীতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *