নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ময়মনসিংহ জেলা পর্যায়ের ফুটবল, অ্যাথলেটিক্স এবং দাবা প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে গফরগাঁও উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা। বালিকা বিভাগে ময়মনসিংহ সদর উপজেলার বিপক্ষে সহজ জয় পায় ধোবাউড়া উপজেলা। 
৮ মে শুক্রবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। নির্ধারিত সময় ২-২ গোলে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষপর্যন্ত ৪-৩ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা। এদিকে বালিকাদের ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলার বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে শিরোপা নিশ্চিত করেছে ধোবাউড়া উপজেলা।
এদিকে সকালে দাবা এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন হয়। ১৩ টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রায় ১৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ১০০ মিটার, ২০০ মিটার এবং লং জাম্পে সেরা দুইজন করে সুযোগ পাবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেণ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।
আগামীকাল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বালিকাদের দাবা প্রতিযোগিতা এবং ময়মনসিংহ জিমনেশিয়ামে মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
