হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর পূর্বপাড়া এলাকায় জমি ও পারিবারিক পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘটিত পাল্টাপাল্টি হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আকরাম হোসেন (৪৮) ও নুরজাহান (৭০)। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৭ নম্বর রামপুর ইউনিয়নের মাধবপুর পূর্বপাড়া এলাকায় জনৈক সাদির উদ্দিনের পরিত্যক্ত জমি সংলগ্ন খিচা-মোনাটি সড়কে পূর্ববিরোধের জেরে আকরাম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, নাগুয়া এলাকার মৃত ওসমান গণির ছেলে আকরাম হোসেনকে তার ভাতিজা আল-আমিন, আইনুলসহ কয়েকজন পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার জের ধরে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আকরাম হোসেনের স্বজনরা অভিযুক্ত আল-আমিনের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি আল-আমিনের মা নুরজাহানকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা নুরজাহানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোবারক হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
