নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা | ৮ এপ্রিল, ২০২৬ : নেত্রকোণার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সম্মাননা লাভ করেছেন:
মোহাম্মদ শফিকুজ্জামান, অধ্যক্ষ, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। মো: বদরুজ্জামান, প্রধান শিক্ষক, আগিয়া উচ্চ বিদ্যালয়।
প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও পরিবেশ উন্নয়নে তাদের এই অর্জন অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কারিগরি পর্যায়ে ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কলেজ পর্যায়ে পূর্বধলা সরকারি কলেজ এবং স্কুল পর্যায়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু বকর সিদ্দিক এবং একাডেমিক সুপারভাইজার মো: আব্দুল লতিফ মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছেন: নিলয় চক্রবর্তী (ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়) ,মো: ওমর ফারুক (কাপাসিয়া দাখিল মাদ্রাসা),

ইকবাল আহমেদ (পূর্বধলা সরকারি কলেজ),আনোয়ার আহাম্মদ (ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, কারিগরি শাখা)

শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন কুলসুম আক্তার (ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ), আরিয়া ইসলাম লামিয়া (পূর্বধলা সরকারি কলেজ) এবং ফাতেমা আজাদ ডালিয়া (পূর্বধলা হোছাইনীয়া ফাযিল মাদ্রাসা)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেরাত, হামদ, নাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জারিগানে জান্নাতুল মাওয়া ও মুরসালিন এবং লোক নৃত্যে রাইসা হক হিমু ও মম বণিক মন্দিরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
এই স্বীকৃতির মাধ্যমে উপজেলার শিক্ষা ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন।
