কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান শুরু হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ভূইয়া সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে তারা বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া জানান, দলের হাইকমান্ড ও নেত্রকোনা-৩ আসনের এমপির নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম উপজেলা জুড়ে সারা বছরই অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন। আমরা তার সহযোগী হিসেবে আমাদের এমপি মহোদয় ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কেন্দুয়াকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
