দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির ঘাটতি এড়াতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে নির্দেশনা কার্যকর হওয়ার আগেই কিছু পাম্প নিজেদের মতো করে সীমিত পরিমাণে তেল বিক্রি শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (৭ মার্চ) জানান, রোববার থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
মন্ত্রী বলেন, “জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় রেশনিং পদ্ধতি চালু করা হচ্ছে।” তিনি আরও জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলের ভেসেল পৌঁছানোর কথা রয়েছে।
