নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৩১ মে ২০২৬  

কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি


নাটোরের লালপুরে একটি জুট মিলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকার ‘সাজিদ জুট মিলে’ এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ৮৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দাবি মিল কর্তৃপক্ষের।

এ ঘটনায় রবিবার মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লালপুর থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখে মাস্ক, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৩৫-৪০ জনের একটি সশস্ত্র দল জুট মিলের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা জুট মিলে কর্মরত কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর পুরুষ ও নারীদের আলাদা কক্ষে হাত-পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। তারা মিলের একটি ৬৩০ কেভিএ ট্রান্সফর্মার (আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), সাব-স্টেশনের যন্ত্রাংশ (১৫ লাখ টাকা), প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার, ৪টি ব্যাটারি (১ লাখ ৬০ হাজার টাকা), ১৫টি ২৫ হর্স পাওয়ারের মোটর (১০ লাখ টাকা) এবং প্রায় ৬ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ লুট করে। এছাড়া কর্মীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লাখ টাকাও ছিনিয়ে নেয়। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ডাকাতরা লুট করা মালামাল একটি ট্রাকে তুলে পালিয়ে যায়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং সারা দেশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। আসামিদের শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

ঢাকা/আরিফুল/রাজীব





Source link

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *