পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “সেবা ও ন্যায়ের পথে, আমরা আছি এক সাথে”—এই মহান নীতি ও আদর্শকে ধারণ করে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিলফুল ফুজুল’|
আজ ৩০ মে বিকেলে উপজেলার ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক সাধারণ সভার আয়োজন করা হয়| সভায় অবসর প্রাপ্ত অডিট এন্ড একাউন্টস অফিসার ও বাংলাদেশ একাউন্টস এসোসিয়েশন এর মহা-সচিব মো: মফিজ উদ্দিন-এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে|
নবগঠিত এই কমিটিতে অবসরপ্রাপ্ত অডিট এন্ড একাউন্টস অফিসার ও বাংলাদেশ একাউন্টস এসোসিয়েশন এর মহা-সচিব
মো: মফিজ উদ্দিন খানকে সভাপতি, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ইকরা প্রতিদিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান-কে সাধারণ সম্পাদক এবং উপ-সহকারী কৃষি অফিসার অলি উল্লাহ-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে|
কমিটির অন্যতম বিশেষ ˆবশিষ্ট্য হলো—এখানে প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতার পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে একঝাঁক উদ্যমী তরুণের শক্তি ও কর্মস্পৃহা| তরুণ ও বয়স্কদের এই চমৎকার সমন্বয় সংগঠনটির পথচলাকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কমিটি গঠন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইতিহাসের সেই মহান ‘হিলফুল ফুজুল’-এর আদর্শকে বুকে ধারণ করে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং কুসংস্কারমুক্ত সমাজ গড়াই এই সংগঠনের মূল লক্ষ্য| এই সংগঠনটি সম্পূর্ণ আর্তমানবতার সেবা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি শান্তিময় সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মাঠপর্যায়ে কাজ করবে|
নবনির্বাচিত সভাপতি মো: মফিজ উদ্দিন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাদের এই সংগঠনে যেমন তরুণদের অদম্য সাহস ও শক্তি রয়েছে, তেমনি রয়েছে বয়স্ক ও অভিজ্ঞদের সঠিক দিকনির্দেশনা| তরুণ ও প্রবীণের এই মেলবন্ধনই ‘হিলফুল ফুজুল’-কে সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে নিয়ে যাবে| আমাদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নেই; আমাদের একমাত্র লক্ষ্য নিঃস্বার্থভাবে মানুষের মুখে হাসি ফোটানো । আমরা যেন বুক ভরা সততা নিয়ে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি, সেজন্য পূর্বধলা উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি|”
নতুন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুজ্জামান জানান, “আমরা কেবল কাগজে-কলমে নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে পূর্বধলা উপজেলাকে একটি আদর্শ ও মানবিক সমাজ হিসেবে গড়ে তুলতে চাই| এই পবিত্র ও নিঃস্বার্থ পথচলায় আমরা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি|”
উপস্থিত সাধারণ ও কার্যনির্বাহী সদস্যরা আশা প্রকাশ করেন, তরুণ ও প্রবীণদের এই যৌথ উদ্যোগের হাত ধরেই এলাকার সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ একটি স্থায়ী ভরসার জায়গা খুঁজে পাবে|
